
আগামী বছরের জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। একই দিনে দুই সিটিতে নির্বাচনটি অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিকেলে নির্বাচন ভবনের নিজ কক্ষে তিনি একথা বলেন।
মো. আলমগীর বলেন, কমিশন সভায় ঢাকার দুই সিটির ভোট জানুয়ারিতে একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
সিটি নির্বাচনে কোনো আইনি জটিলতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো আইনি জটিলতা আমরা এখনো দেখছি না।
ইভিএমের মাধ্যমে দুই সিটি ভোট চ্যালেঞ্জ মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ তো বটেই। তবে আমরা এ নির্বাচন আয়োজনে সক্ষম।
সচিব বলেন, নভেম্বরের ১৮ তারিখের পর যে কোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে এই দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। আর চট্টগ্রাম সিটির যেহেতু এখনো সময় হয়নি তাই চট্টগ্রামের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।