
রাজধানীর রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
আজ বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রূপনগরের ১১ নম্বর রোডে আগুন লেগেছে শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
আনিসুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা সাড়ে তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকার শেষ সীমানায় সাইকেলে করে বেলুন ফোলানোর সিলিন্ডার নিয়ে একজন বেলুন বিক্রি করছিলেন। এসময় অনেক শিশু ও নারী আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বিস্ফোরণে তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এক নারীর ডান হাত উড়ে যায়। এছাড়া বেলুন বিক্রেতাসহ আরও তিনজন গুরুতর আহত হন।
রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লেগেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
ফায়ারসার্ভিস সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে