
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজ থেকে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে ল্যাগেজটিকে বোমা সন্দেহে ঘিরে রেখেছিল পুলিশ ও র্যাব। সেইসঙ্গে আশেপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেন তারা। এরপর লাগেজটি খুলে পাওয়া যায় যুবকের মাথাকিহীন লাশ।
পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে রোববার বেলা ১১টা থেকে লাল রঙের একটি বড় ল্যাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালুর বস্তা দিয়ে জায়গাটি ঘিরে রাখে।
স্থানীয় দোকানদার শাহ আলম বলেন, রোববার বেলা ১১টা থেকে আমার দোকানের পাশে ল্যাগেজটি পড়ে আছে। সারা দিনেও কেউ এটি নিতে না আসায় পুলিশকে জানাই।
খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র্যাবের সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে আসেন।
লাল রংয়ের লাগেজটি রহস্যজনক। তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয় বলে জানান জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।