
পুলিশ ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে প্রতারণা ও মাদক বিক্রির অভিযোগে বহুল আলোচিত রেহেনা আক্তার ওরফে লিপি (২৫) নামে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাদের যশোর জিলা স্কুলের সামনে থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দুইটি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন ধরনের ছবি উদ্ধার করা হয়েছে। আটক রেহেনা ওরফে লিপি চৌগাছার নারায়নপুর গ্রামের মিঠুর স্ত্রী এবং মাশিলা গ্রামের হানিফের মেয়ে। যশোর শহরের রেলগেট এলাকায় তার বসবাস।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে শহরঘুরে বেড়ানো ওই নারী সাংবাদিক পরিচয়ে স্বামী-স্ত্রী মিলে ইয়াবা বিক্রি করে বেড়াচ্ছেন। তাকে গ্রেফতারে কয়েকদিন ধরেই নজরে রাখা হয়েছিল। বুধবার বিকেলে যশোর জিলা স্কুলের সামনে তার অবস্থান করছে জানতে পেরে প্রিয়া, সোহেল ও দুই কিশোরকে আটক করে পুলিশ। এসময় সোহেলের কাছে একটি ওয়াকিটকি পাওয়া যায়। ওয়াকিটকিটি সে ‘সাংবাদিক’ পরিচয়ধারী রেহেনা ওরফে লিপির কাছ থেকে পেয়েছে বলে পুলিশকে জানায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেহেনাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রেহেনা জানান, তিনি একটি অনলাইন শপ থেকে ওয়াকিটকি সেটটি কিনেছেন। ওয়াকিটকি দেখিয়ে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করে লিপি ও তার সহযোগীরা।