এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৬১ জন প্রধান শিক্ষকসহ ৮৩ জন প্রাথমিক শিক্ষকের পদ শূণ্য রয়েছে। যার কারণে প্রতিষ্ঠানগুলিতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে। পাশাপাশি প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকায় চেইন অব কামান্ড ভেঙ্গে পড়েছে। অফিসিয়াল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪০ টি সরকারি ও ১১১টি নব সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন থেকে ৬১ জন প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এরমধ্যে সরকারি ৩৩ জন নব সরকারি ২৮ জন। ২২ জন সহকারি শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এরমধ্যে সরকারি ২ জন এবং নব সরকারি ২০জন। শিক্ষকের পদ শূণ্য থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ভেঙ্গে পড়েছে। প্রধান শিক্ষক না থাকায় সহকারি শিক্ষক দিয়ে চলছে প্রধান শিক্ষকের কার্যক্রম। একারণে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। প্রতিদিন অফিসিয়াল কাজের জন্য দায়িত্বরত প্রধান শিক্ষককে উপজেলা শহরে যেতে হয়। যার কারণে অন্যান্য শিক্ষকরা যথা নিয়মে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারেন না। উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জানান, শূণ্য পদের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।