
সৌদি আরবের তিন নাগরিকসহ ৩৫০ জনকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হুতিরা। যে সাড়ে তিনশ বন্দিকে মুক্তি দেয়া হবে তার মধ্যে সুইডেন চুক্তির সময় দেয়া তালিকার লোকজনও রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) হুতিদের বন্দী বিষয়ক জাতীয় কমিটির প্রধান আব্দুল কাদের আল-মুরতাজা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আব্দুল কাদের আল-মুর্তাজা বলেন, বন্দী মুক্তি দেয়ার মাধ্যমে আমরা সুইডেন চুক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা প্রমাণ করে দিতে চাই এবং আমরা অন্যদেরকেও একই রকমের পদক্ষেপ নেয়ার আহ্বান জানাব।
আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির তত্ত্বাবধানে এসব বন্দিকে মুক্তি দেয়া হবে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে সুইডেনের রাজধানী স্টকহোমে শান্তি আলোচনা হয়েছিল। সে সময় পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদি সমর্থিত সরকারের সঙ্গে হুথিরা হুদাইদা বন্দরনগরীতে যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্দী বিনিময় নিয়ে একটি চুক্তি করেছিল।
এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা বন্ধের শর্তে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) হুতিদের যুদ্ধবিরতির এমন প্রস্তাবনাকে স্বাগত জানায় তেহরান।