
রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম। তিনি জানান, র্যাব-৩ হেফাজতে গ্রেফতার খালেদকে আজ দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেগুলো এখনই বলা যাচ্ছে না।
র্যাবের একটি সূত্র জানায়, অস্ত্র আইনে গুলশান থানায় ও মাদক আইনে মতিঝিল থানায় পৃথক দুটি মামলা প্রস্তুতি চলছে। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে এ দুটি মামলা করবে।
মামলা নথিভুক্ত হওয়ার পর ওই দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হবে বলেও জানা গেছে। বুধবার রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের যে ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয়। সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা।
উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর তাকে র্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।