
যশোর শহরতলির আহাদ জুট মিলে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুতায়িত হয়ে মতিয়ার রহমান (৪৮) ও কবির গাজী (৩৫) নামে দুই ঢালাই কারখানা শ্রমিক মারা গেছেন।
জুট মিলের ২ নম্বর ইউনিটের ম্যানেজার কামরুজ্জামান বলেন, অন্যদিনের মতো আজ সকালেও শ্রমিকরা ঢালাই কারখানায় কাজ করছিলেন। ওইসময় গরমের কারণে মতিয়ার রহমান সেখানে থাকা স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে রক্ষা করতে গিয়ে কবির গাজীও বিদ্যুতায়িত হন। তাদের এ সময় অন্য শ্রমিকরা এসে উদ্ধার করে। এরপর মিলের গাড়িতে করে তাদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় দাস বলেন, হাসপাতালে আনার আগেরই তাদের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি অবগত আছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
নিহত মতিয়ার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের আক্কাস মোল্যার ছেলে এবং কবির গাজী একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে।