
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এবার রিশান ফরাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার তিন নম্বর আসামি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
রিফাত ও রিশান বরগুনা শহরের ধানসিঁড়ি সড়কের দুলাল ফরাজীর ছেলে। রিফাত ফরাজী বরগুনা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও ২০১৪ সালে বরগুনা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাস করে। এরপরই সে বরিশালের ইনফ্রা পলিটেকনিকে ভর্তি হয়। ভর্তির পর সে মাদকাসক্ত হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে রিশানকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারুফ হোসেন বলেন, রিশান ফরাজীকে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এ সময় বাকি আসামিদের গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।