
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘নদী ভাঙনরোধে সারাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। ভাঙন রোধে আমরা আগাম ব্যবস্থার জন্য জিও ব্যাগ প্রস্তত করেছিলাম, সেগুলো এখন ব্যবহার করছি।’
শনিবার (১৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয় এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘বন্যা মোকাবিলায় পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড আগাম প্রস্ততিমূলক ব্যবস্থা নিয়েছে। সারা বাংলাদেশের নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছি। বন্যার যেখানে পানি বেশি হতে পারে সে এলাকাগুলোকেও চিহ্নিত করে কার্যক্রর উদ্যোগ আগে থেকেই নেয়া শুরু করেছি। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা আছে স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দিরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে আমারা মানিকগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার জিও ব্যাগ ফেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করার ব্যবস্থা করছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগাম কার্যক্রর উদ্যোগের কারণে বাংলাদেশের মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় দুর্যোগে, বিপদে-আপদে মানবতার পাশে দাঁড়ায়।’
বর্ষার পরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে স্থায়ীভাবে রক্ষার পরিকল্পনা করে দ্রুততার সাথে কাজ করার কথা বলেন তিনি।
এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মতিন সরকার, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।