
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফোন করে তাকে চূড়ান্ত মনোনয়নপত্র নেয়ার জন্য বলা হয়েছে।
মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জিএম সিরাজ বলেন, গুলশান কার্যালয়ে থেকে ফোন করে তাকে চূড়ান্ত মনোনয়নপত্র নেয়ার জন্য বলা হয়েছে।
দু’একদিনের মধ্যে দলীয় মনোনয়ন নিতে তিনি ঢাকায় যাবেন। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আছে। আশা করছি ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সিরাজ ছাড়াও দলীয় মনোনয়ন ফরম জমা দেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। বাছাই শেষে সোমবার মাহবুবরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। তবে সিরাজ ও বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
৮ মে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৩ জুন প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ৪ জুন এবং ২৪ জুন ভোট অনুষ্ঠিত হবে।