
বিগত একাদশ জাতীয় সংসদ ও সদ্য শেষ উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি এবং নির্বাচন কমিশন পদক্ষেপ না নেয়ায় ২৪ জুনে অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ৮টি বাম দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।
জোটের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন বগুড়ার আহ্বায়ক আবদুর রশিদ লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর নৈশকালীন ভুয়া ভোটের অভিযানের মাধ্যমে নির্বাচনের প্রহসন সংঘটিত হয়েছে। দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে চরমভাবে ক্ষুব্ধ।
এখনও বঞ্চনার দগদগে ঘা শুকায়নি। মানুষ ভোটের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কথায় ও কাজে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপই নেয়নি- যা মানুষের হতাশাকে আরও বাড়িয়ে তুলেছে। কিছুদিন আগে উপজেলা নির্বাচনেও দেখা গেছে শাসক দল কীভাবে তাদের দলীয় প্রার্থীদের ২০০টির বেশি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে।
উপজেলা নির্বাচনের আগে নির্বাচন কমিশন বলেছিল, সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচন হবে এবং হয়েছেও তাই। দেশে একটি অথর্ব নির্বাচন কমিশন রয়েছে, যাকে সরকারি দলের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বললেও অত্যুক্তি হবে না।
তিনি বলেন, ২৪ জুন বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচন। সাধারণ মানুষের ভোট না দেয়ায় ক্ষত এখনও শুকায়নি। নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে পুনরায় নির্বাচনের দাবি বাস্তবায়ন হয়নি। এ অবস্থা বিবেচনায় নিয়ে কলঙ্কিত নির্বাচনের দগদগে ঘা শুকানোর ব্যবস্থা না করায় আমরা বাম গণতান্ত্রিক জোট এই উপ-নির্বাচনে অংশগ্রহণ করছি না। তিনি জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আমাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদের (মার্কসবাদী) বগুড়া জেলা আহ্বায়ক সামছুল আলম দুলু প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।