
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) গত ১০ বছর ধরে শুধু দোষই খুঁজে বেড়িয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সিপিডি এই মতামত প্রকাশ করেছে। এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিন্দু ৩৬৫’ নামের একটি ট্যুরিজম প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের ১০০ দিন পার হওয়ার পর সিপিডি যে রিঅ্যাকশন দিয়েছে, এটি অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সেটি বিশ্ব দেখছে এবং প্রশংসা করছে।
গত ১০০ দিনে সরকার অনেকগুলো কাজ করেছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন। অথচ সিপিডি এগুলো দেখতে পাচ্ছে না। এটি তাদের ব্যর্থতা। তবে আমরা আশা করবো- সিপিডি তাদের ব্যর্থতা কাটিয়ে সরকার যে অগ্রগতি ও উন্নয়ন করছে, সেটির দিকে দৃষ্টি দেবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতাদের প্রতি তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে না এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। এটি গণতন্ত্রের মূলনীতির চরম লঙ্ঘন। আমি মনে করি, জনগণের রায়কে সম্মান জানিয়ে বিএনপির সংসদে আসা উচিত।’
তিনি আরো বলেন, গত ১০ বছরে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মানুষের মাথাপিছু আয় তিন গুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আগে ৬০০ ডলার ছিল। যা এখন দুই হাজার ডলারে পৌঁছেছে। মানুষের ক্রয় ক্ষমতা দ্বিগুণেরও বেশি। সব মিলে ক্রয় ক্ষমতা দুই থেকে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৩ এপ্রিল) ‘বর্তমান সরকারের প্রথম ১০০ দিন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সরকারের প্রথম একশ দিনকে ‘উদ্যোগহীন, উৎসাহহীন ও উচ্ছ্বাসহীন’ বলে আখ্যা দেন সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবৃদ্ধি বাড়লেও অর্থনীতির অন্য সূচকে কোনো পরিবর্তন নেই বলেও উল্লেখ করেন তিনি।