
দেশের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় দুটি আইন আসছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দেশে গণমাধ্যম কর্মীদের চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষা প্রদানে জাতীয় সংসদের আগামী অধিবেশনের পরের অধিবেশনে দুটি আইন উপস্থাপন করা হবে।’
মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আগামীকাল একটি অধিবেশন হবে, কিন্তু এতে আমরা আইন দুটি উপস্থাপন করতে পারবো না। তবে আশা করছি এর পরের অধিবেশনে আইন দুটি উপস্থাপন করতে পারবো।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত করেছে তথ্য মন্ত্রণালয়। এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘আশা করছি আইন মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে ভেটিং দিয়ে দেবে। এরপরই আমরা আইন দুটি জাতীয় সংসদে উপস্থাপন করবো। তবে আগামীকাল শুরু হওয়া অধিবেশনে উপস্থাপন করা সম্ভব হবে না। আশা করছি এর পরের অধিবেশনে উপস্থাপন করতে পারবো।’