
আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় ব্যাপক সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।। এ হামলাকে মানবতার ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেন তারা।
রবিবার হামলার পর এক টুইটার পোস্টে হতাহতদের পরিবারের শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এরদোগান।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও এই ঘৃণ্য হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়াও শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
দেশটির রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির ক্যাথলিক গির্জায় তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কলম্বোর মূল কেন্দ্রে অবস্থিত তিনটি বিলাসবহুল হোটেল সিন্নামন গ্রান্ড, কিংসবুরি ও শ্যাংরি লা হোটের তিনটি বিস্ফোরণ ঘটে।