
৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখছানা বেগম প্রমূখ।
মতবিনিময় সভায় ৬ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাচন অফিসারসহ নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। সুতরাং নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে না পারে। পাশাপাশি আমরা ভোটারদের ভোট কেন্দ্রে আসা এবং ভোট দেয়ার পর ভোটাররা যাতে বাড়িতে নিরবিগ্নে ফিরে যেতে পারে সেটি আমাদের দেখতে হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কাজে ভোট গ্রহণের সাথে জড়িত কর্মকর্তাদের অবশ্যই তাদের দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্য দিয়ে পালন করতে হবে।