
স্টাফ রিপোটার:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৭ম পর্বের নিয়োগকৃত যুবক/যুবমহিলারা চাকুরি জাতীয়করণের দাবীতে ২০ ফেব্রুয়ারি সকালে পলাশবাড়ী চৌমাথায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনী ইস্তেহার অনুয়ায়ী ঘরে ঘরে চাকুরি প্রদানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী হাতে নেন। বর্তমান ন্যাশনাল সার্ভিস কর্মসূচী ৭ম পর্বের সুবিধাভোগীরা এ মানববন্ধন করে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্পাদিত নিয়োগ চুক্তির ২নং শর্তাবলীতে উল্লেখ আছে, সরকারী চাকুরি হিসাবে গণ্য হইবে না এবং ভবিষ্যতে সরকারী চাকুরি লাভ করিবার ক্ষেত্রে কোন অধিকার সৃষ্টি করিবেনা ও সংযুক্তি নবায়নযোগ্য নহে। ৩নং শর্তাবলী অনুযায়ী প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষকে সংযুক্তি প্রদান, প্রথম পক্ষ সম্পূর্ণ স্বেচ্ছাধীন এখতিয়ার এবং উক্ত সংযুক্তিপত্র যেকোন কারণ দর্শানো ব্যাতিরেকে প্রথমপক্ষ বাতিল করিবার সংরক্ষন করেন। মানববন্ধনের ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার অধিকার সবারই আছে। আজকের মানববন্ধনে কোন বিশৃঙ্খলা হলে তার ব্যবস্থা গ্রহণ করা হতো। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর নিয়োগকৃতদের চাকুরি জাতীয়করণের বিষয়ে আন্দোলন, সংগ্রাম ও মানববন্ধন করার কোন এখতিয়ার নাই। উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিসের এ সুবিধাভোগীদের মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।