
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ সংসদ সদস্য শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথ পাঠ করানো হয়। সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হবে। এ ছাড়া নারী এমপিদের আইডি কার্ড দেয়ার জন্য পৃথক পৃথকভাবে তাদের ছবি তোলা হয়। ছবি তোলার ফাঁকে ফাঁকে সংসদের তৃতীয়তলায় ভিআইপি ক্যাফেটেরিয়ায় তাদের চা-নাস্তা খাওয়ানো হয়।
এর আগে গত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জনকে সাংসদ হিসেবে নির্বাচিত ঘোষণা করে রিাটর্নিং কর্মকর্তা। ওইদিনই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
একাদশ সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিএনপির একটি সংরক্ষিত আসন পাওয়ার সুযোগ ছিল। কিন্তু গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী তাদের ছয় প্রার্থী এখনও শপথ নেননি। ফলে আনুপাতিক হারে তাদের যে সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা, সেটি স্থগিত রয়েছে।