
‘বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সহিংসতা, ভয় এবং বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
আজ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান হয়। জাতিসংঘের মহাসচিবের পক্ষে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিবৃতি দেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন অবশ্যই নির্বাচনে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন ব্যবস্থায় তাদের ভূমিকা পালনের মাধ্যমে এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।’
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।
ওই বার্তায় তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি যেন অবশ্যই নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে।’