
তারেক রহমানের সঙ্গে সখ্যতা করা আর বিষধর সাপের সঙ্গে প্রণয় আবদ্ধ হওয়া একই কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, ‘কামাল হোসেনের সামনে আজ বিষধর সেই সাপের নগ্ন ফনা।’
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান।
বিএনপি-জামায়াত জোট নির্বাচন সামনে রেখে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হবে দাবি করে আব্দুর রহমান বলেন, ‘আগামীকাল সারাদেশে নৈরাজ্য সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টি করতে করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে, একটি ভুয়া ভিডিও তৈরি করে তারা নিজেরা গুজব সৃষ্টি করতে পারে। বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্ট হলো অন্ধকারের শক্তি, এই অন্ধকারের অপশক্তি ক্ষমতায় গেলে কী হবে তা বাংলাদেশের মানুষ ভালো করে জানেন।’
‘পুলিশ প্রশাসনের সঙ্গে অশোভন আচরণ করার পরও গতকাল ফোন আলাপ ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যার মধ্য দিয়ে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন’ বলেন আওয়ামী লীগের এই নেতা।
আব্দুর রহমান বলেন, ‘সর্বত্রই নির্বাচনের আমেজ উৎসবমুখরতা। কিন্তু দেশের মানুষের মধ্যে যখন উৎসব ও উদ্দীপনা বিরাজ করছে তখন বিএনপি জামাতের মধ্যে চরম হতাশা ও নিরাশার পাশাপাশি এক ধরনের হিংস্রতা লক্ষ করা যাচ্ছে। নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপি দিকভ্রান্ত নাবিকের মতো পথ খুঁজে ফিরছে। পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থকদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।’