
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে। তবে বর্তমানে দেশে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু মনোনয়ন দেয়নি তারাই এখন দলটির সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছেন।
রোববার দুপুরে ফেনী পৌর প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় কাদের আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দুই বছরের অধিক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও নির্বাচন করার কোনও সুযোগ নেই।
বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অনেক দেশেই এমন নিয়ম রয়েছে। আমি মন্ত্রী হয়েও আমার নির্বাচনী এলাকায় পতাকাযুক্ত গাড়ি নিয়ে সভা-সমাবেশে যাচ্ছি না। গণসংযোগ করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করছি না। নোয়াখালীর ডিসি-এসপিকে আমার গণসংযোগে যোগ না দিতে নির্দেশ দিয়েছি।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ ঠিকই আছে। ৭৫-পরবর্তী যেকোনো সময়ের চেয়ে তুলনামূলক অনেক সুন্দর পরিবেশ রয়েছে।