
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মিছিল, মহড়া বন্ধে দ্রুতই সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাথে সাথে তফসিল আচরণবিধির ব্যপারে নির্বাহী হাকিম ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছে ইসি।
সোমবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান আচরণবিধি প্রতিপালনের ব্যবস্থার ব্যপারে প্রত্যেক উপজেলায় একজন করে নির্বাহী হাকিম নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ।
সেই সাথে ‘তফসিল ঘোষণার পর প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তির মিছিল-শোডাউন আচরণবিধি লঙ্ঘন’ উল্লেখ করে পুলিশের আইজিপি’র কাছে এ সংক্রান্ত চিঠি দিচ্ছে ইসি।
ইসির নির্বাচন কমিশন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলের ফরম সংগ্রহকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মিছিল-শোভাযাত্রার বিষয়টি নজরে এসেছে কমিশনের। দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে চলছে মহড়া। এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট প্রকাশ পর্যন্ত আচরণবিধি প্রতিপালনের বিষয়ে নজর দেবে কমিশন।
প্রচারণার সুযোগ রয়েছে তবে তা প্রতীক পেয়ে বিধি মেনেই চালাতে হবে। আচরণবিধিতে বলা হয়েছে কোনো বাস, ট্রাক, মোটরসাইকেল, নৌযান, ট্রেন বা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহ মিছিল কিংবা কোনোরূপ মহড়া করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল-মহড়া করা যাবে না। জনগণের চলাচল বিঘ্ন করে এমন কোনো সড়কে জনসভা বা পথ সভা করা যাবে না।