
বেশ কিছুদিন ধরে একের পর এক বেফাঁস মন্তব্য করেই যাচ্ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। এর জেরে তাকে ডেকে পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার ক্ষমতাসীন দল বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা এই কথা জানান।
জানা গেছে, প্রধানমন্ত্রী মোদি ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহর সামনে হাজির হতে আগামী ২ মে রাজধানীতে তলব করা হয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লবকে। বিজেপির মনোনয়নেই গত মার্চে ত্রিপুরার ক্ষমতায় আসেন বিপ্লব।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকেই বিপ্লবের বেশ কিছু মন্তব্যকে ঘিরে উঠেছে ব্যাপক সমালোচনার ঝড়। মহাভারত যুগে ইন্টারনেট এবং স্যাটেলাইট আবিষ্কৃত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ড হিসেবে ডায়ানা হেডেনের মুকুট বিজয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সর্বশেষ, দেশটির সরকারি চাকরিপ্রার্থীদের চাকরি খোঁজার বদলে পানের দোকান নিয়ে বসার পরামর্শও দেন এই বিজেপি নেতা।










