খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অর্থায়নে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে পৃথক ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার হরিরামপুর ও কোচাশহর ইউনিয়নে এসব সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ প্রকল্পের আওতায় হরিরামপুর এলাকায় ২ কিলোমিটার ২৮০ মিটার, কোচাশহর এলাকায় ৩০০ মিটার এবং বুড়া-বুড়ি এলাকায় ২৯০ মিটার সড়ক নির্মাণ করা হবে। সড়কগুলোর নির্মাণ কাজ বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড বাস্তবায়ন করবেন জানা যায়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল রহমান চৌধুরী ডিউক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, ঠিকাদার তারিফ চৌধুরী, বিএনপি নেতা জিল্লু রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারুল ইসলাম ও সদস্য সচিব বিমান শাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
স্থানীয়রা জানান, সড়কগুলো নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি অনেকাংশে কমবে।