খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানা অফিসার ইনচার্জ মাহবুর রহমান।
এরআগে মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি অ্যাগ্রোভেট কারখানায় ২ লাখ চাঁদা দাবীতে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। পরে রাতে এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতাার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।
অভিযুক্ত বিএনপি নেতারা কারখানায় এসে ম্যানেজারের কাছে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। ম্যানেজার জানতে চাইলেন তারা কীসের কাগজ দেখতে চান। তখন তারা বলেন, এই কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন।
মোল্লা অ্যাগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেফতার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত এজাহার দাখিল করি।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ মাহবুর রহমান বলেন, সাঘাটা থানায় ২ লাখ টাকার চাঁদার দাবীর একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে ৩জনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।