শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নস্থ তারাগঞ্জ বাজারে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পরিচালিত হয়,এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৬টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দেখা যায়, বেশ কিছু দোকানে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, গোস্ত হাটি এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়াই গরু জবাই করার অপরাধে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী জরিমানা করা হয়। অভিযানে উক্ত দুই আইনে মোট ১৫টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
বাজার মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ইফতেখারুল ইসলাম এবং তারাগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের এই কঠোর তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.