খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে পৌর এলাকার বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত সভায় তিনি নিজের রাজনৈতিক পথচলা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিভিন্ন দিক তুলে ধরেন।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ছাত্রজীবন থেকেই দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে গাইবান্ধা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গাইবান্ধা জেলা কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় রুবেল বলেন, পৌরসভাকে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সেবাকেন্দ্রে রূপান্তর করাই হবে তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পৌরসেবায় ডিজিটাল পদ্ধতির প্রবর্তন, সড়ক ও আলোকসজ্জার উন্নয়ন এবং যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে ধরে রুবেল জানান, শিক্ষাজীবনে ১৯৯৮ সালে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন রুবেল। তার বড় ভাই জিয়াউল হক জুয়েল পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। ১৯৯২, ১৯৯৩ ও ১৯৯৪ সালে বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। বর্তমানে পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে একাধিক মামলার আসামি হয়ে কয়েকবার কারাবরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, মামলাগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা হয়েছিল।
সভায় উপস্থিত সাংবাদিকরা সম্ভাব্য নির্বাচনী রূপরেখা, নাগরিক সেবা ব্যবস্থার সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। জবাবে রুবেল বলেন, নাগরিকদের প্রত্যাশাকেই তিনি কর্মপরিকল্পনার ভিত্তি হিসেবে গ্রহণ করবেন।
মতবিনিময় শেষে উপস্থিত সবাই ইফতারে অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.