খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্দেহভাজনদের মধ্যে একজন পালিয়ে যায়। অপর দুইজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.