গাইবান্ধা জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জেলা জর্জ কোর্টের এক মুহুরী প্রাণ হারিয়েছেন।১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন কুমার মহুরী (৩৮) বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে সুজন কুমার বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-র অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। একটি তদন্ত টিম বর্তমানে কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.