আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এই গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে রাজধানী ঢাকা থেকে গ্রামমুখী জনস্রোত পরিলক্ষিত হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছেন। ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ বেড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া, শুক্র ও শনিবার সরকারি ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি পেয়েছেন সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শিব রাত্রী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এই ছুটি উপভোগ করার পাশাপাশি ভোট উৎসবে যোগ দিতে গ্রাম অভিমুখে ছুটছেন মানুষ।
বিশেষ করে কর্মজীবী মানুষ, পোশাক শ্রমিক, শিক্ষার্থী এবং অস্থায়ীভাবে শহরে বসবাসকারী ভোটাররা নির্বাচনের দিন নিজ এলাকায় উপস্থিত থাকার জন্য আগেভাগেই যাত্রা শুরু করেছেন। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। অনেক যাত্রী পরিবার-পরিজন নিয়ে গ্রামে ফিরছেন, কারো হাতে রয়েছে ব্যাগ, কারো মুখে দীর্ঘদিন পর বাড়ি ফেরার হাসি।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী সংখ্যা কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত চাহিদার কারণে অনেক রুটে বাড়তি বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে, কোথাও কোথাও টিকিট সংকট ও যানজটের কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তিতেও পড়তে হচ্ছে। রাজধানীর গাবতলী, কমলাপুর, সদরঘাট, মহাখালী— সকল স্টেশনে একই চিত্র লক্ষ করা গেছে।
রাজধানীর কমলাপুরে ঢাকা-কুমিল্লা রুটের গণপরিবহন তিশা পরিবহন, এশিয়া লাইনের কাউন্টারে সরেজমিনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তিশার কাউন্টার ম্যানেজার রফিক মিয়া জানান, গতকাল থেকেই যাত্রীদের প্রচুর ভিড়। আজ গতকালের চেয়েও বেশি। আগাম টিকিট নিয়েছেন অনেকেই। কুমিল্লা চৌয়ারার বাসিন্দা ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তৌহিদুল ইসলাম মজুমদার, জেলার ময়নামতির আবুল বাসার বাসস’কে জানান, নির্বাচনে ভোট দিতে তারা গ্রামের বাড়ি যাচ্ছেন।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, বাসের টিকিট না পাওয়ায় অনেক যাত্রী ট্রেনযাত্রা বেছে নিয়েছেন। তবে, ট্রেনে আসন সংকট থাকায় অনেক যাত্রী দাঁড়িয়ে কিংবা ছাদে উঠে গন্তব্যে রওয়ানা হচ্ছেন। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ভোটারদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। বিভিন্ন টার্মিনাল, স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।সূত্র- বাসস
Leave a Reply
You must be logged in to post a comment.