বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার বামনদীঘি বাজার এলাকায় গাছবোঝাই পাওয়ার টিলারের ট্রলির ধাক্কায় শামীম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে তারাগঞ্জের দিকে আসছিল গাছ বোঝাই একটি পাওয়ার টিলার। এ সময় একই দিক থেকে ডাঙ্গিরহাটগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রলারটি। এতে মোটরসাইকেল চালক শামীম হোসেন ট্রলির ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের দু’পাশে অটোভ্যান ও বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে রাখার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। প্রায়ই ঘটছে অল্পের জন্য দুর্ঘটনা। এ পরিস্থিতিতে সড়কের দুই পাশে স্পিড ব্রেকার স্থাপন করা হলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসবে এবং দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
Leave a Reply
You must be logged in to post a comment.