খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আয়োজনে কাশিয়াবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মকবুল হোসেনের সভাপতিত্বে জনসভায় অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দেশে অবিচার, দুর্নীতি ও বৈষম্যের রাজনীতি জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বারবার সাধারণ মানুষের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে নয়, বরং জনগণের কল্যাণ, নৈতিক নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে। সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অনৈতিকতা দূর করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমতার বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি ভোটই দেশ ও জাতির ভবিষ্যৎ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ন্যায়, ইনসাফ ও সুশাসনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি সুন্দর আগামী গঠনে ভূমিকা রাখুন।
জনসভায় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভীসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.