বুলবুল হোসেন,উপজেলা, তারাগঞ্জ,রংপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে উৎসর্গ করাই তাঁর একমাত্র অঙ্গীকার।
তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের দমন-পীড়নের শিকার হয়ে আমি টানা ১৪ বছর বিনা কারণে কারাবরণ করেছি। এই দীর্ঘ সময় আমাকে অমানবিক নির্যাতন, অবিচার ও অবহেলার মধ্য দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে।
এমনকি আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে মহান আল্লাহর অশেষ রহমতে আজ সব ষড়যন্ত্র ও অবিচারের অবসান ঘটেছে।
আমার স্থাবর-অস্থাবর সব সম্পদ আল্লাহর পথে দান করে দিয়েছি। জীবনে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। বাকি জীবন আপনাদের খেদমত ও জনগণের কল্যাণেই উৎসর্গ করবো।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশ দীর্ঘদিন ধরে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার কবলে ছিল।
জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসনের কোনো বিকল্প নেই।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না এবং সকল নাগরিক ন্যায়বিচার পাবে।
সয়ার ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্ম পরিদদের সদস্য মাওলানা মো: আব্দুল হান্নান উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারী মো. ইয়াকুব আলী ও প্রভাষক আমিনুল ইসলাম ও শ্রী সুশীল চন্দ্র রায়।
এছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের আরও নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম দূর করা সম্ভব। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই।
তারা উপস্থিত জনতার প্রতি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.