খবরবাড়ি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোটকেন্দ্রে নির্বাচন সামগ্রী পরিবহনের খরচ নিয়ে বিতর্কিত প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত ওই সভায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ উপজেলার ৭১টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচন সামগ্রী পাঠানোর জন্য আংশিক আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে উল্লেখ করে এনজিও প্রতিনিধিদের কাছে অর্থ সহায়তা চান। বিষয়টি জানাজানি হলে তা নিয়ে সমালোচনা শুরু হয়। পরে ওই প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এনজিও কর্মকর্তা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ফরমসহ সব ধরনের নির্বাচন সামগ্রী পরিবহনের ব্যয় বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমোদিত সরকারি তহবিল থেকে নির্বাহ করার বিধান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন প্রস্তাব তাকে হতবাক করেছে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয় থাকা সত্ত্বেও কেন বেসরকারি সংগঠনের কাছে অর্থ চাওয়ার প্রস্তাব দেওয়া হলো।
Leave a Reply
You must be logged in to post a comment.