খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সকলব মসজিদে বিশেষ দো’আ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদজুম্মা গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদে এই দো’আ ও মোনাজাতে শহীদ ওসমান হাদির আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. সিরাজুল ইসলাম।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিপ্লব মৃধা, উপজেলা মডেল মসজিদের হাফেজ নাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দো’আ চলাকালে ধর্মপ্রাণ মুসল্লিরা শহীদ ওসমান হাদির স্মরণে আবেগাপ্লুত হয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য; জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসার পর গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।