খবরবাড়ি ডেস্কঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উপ্যাপনের লক্ষ্যে গাইবান্ধায় বাস টার্মিনালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কর্মসূচী পরিচালনা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এসকেএস ফাউন্ডেশনের যৌথ বাস্তবায়নে ও বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও) আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কর্মসূচী পরিচালনা করা হয়। জনসাধারণের সুস্বাস্থ্য, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।
স্বেচ্ছাসেবীরা টার্মিনাল এলাকার বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পথচারী ও যাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। শহরের গণপরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বাস টার্মিনালকে পরিচ্ছন্ন রাখা স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরী। ভবিষ্যতেও গাইবান্ধাকে পরিচ্ছন্ন এবং সুস্থ রাখতে এধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। সেইসাথে স্বেচ্ছাসেবী ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান আয়োজনকারীরা।
এসময় বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, জেরিন আক্তার, লিওন সোহান, পিয়াস, মারুফা, রিয়া, মিম, স্মৃতি ও তমা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, এ কার্যক্রমের লক্ষ্য ছিল গণপরিবহন কেন্দ্রিক পরিবেশকে পরিচ্ছন্ন রাখাসহ জনসচেতনতা বৃদ্ধি করা এবং যুবসমাজের মধ্যে স্বেচ্ছাসেবী নেতৃত্ব, দায়িত্ববোধ ও পরিবেশ সংরক্ষণে সক্রীয় অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবীরা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করেন এবং পথচারী-যাত্রীদের নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করেন।