খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় কর্মচারী নিয়োগে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকবৃন্দ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মোড়ে পৌরসভার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফুর রহমান, আকাশ, হিমেল ও ছাত্র প্রতিনিধি মাকসুদ রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি একটি আঞ্চলিক সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ। এতে ২০ জন চাকুরী প্রত্যাশী আবেদন করলেও গোপনে ৪ জনকে বাদ দিয়ে ১৬ জনকে নিয়ে ১৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে। অবিলম্বে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবী জানান তারা।
উল্লেখ্য; গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবাহ কার্যক্রম পরিচালনার নিমিত্তে আউটসোর্সিং পদ্ধতিতে ৪টি পদে ১২ জনকে অস্থায়ী ভিত্তিতে ৫ বছর মেয়াদে জনবল নিয়োগ করা হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।