খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গাইবান্ধা জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, যানজট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ মাসুদুর রহমান মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ সদস্য মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ শামীম কায়সার লিংকন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার তদারকি জোরদার করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় মতামত দেয়া হয়।
সভায় জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন। পাশাপাশি অপরাধ দমনে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় গাইবান্ধা জেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলায় পরিণত করা সম্ভব। এজন্য সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।