জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট, রংপুরঃ
লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।
শনিবার (১৪ মার্চ) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে চার কিলোমিটার দীর্ঘ একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩ কোটি ৯১ লক্ষ টাকার অধিক টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কটি ধরলা পাড়ের মানুষের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে বড় ভূমিকা রাখবে।
এসময় তিনি আরও বলেন, কেবল রাস্তাঘাট নির্মাণই শেষ কথা নয়, সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো ব্যাধিগুলোকেও সমূলে উৎপাটন করতে হবে। এর আগে সকালে বড়বাড়িতে মশা ও ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। তিনি স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান।
এছাড়াও তিনি খেদাবাগ একরামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার নব নির্মিত তিন তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন।
উভয় কর্মসূচিতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নমনিতা দাস এবং স্থানীয় এলজিইডি প্রকৌশলীসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসুচি শেষে দুপুরের পর তিনি কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.