খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানে এক বিশাল ইফতার মাহফিল ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) হাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল ও দো’আর আয়োজন করা হয়। অত্র ইউনিয়নের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের ইফতার আয়োজনে ছিল ৩৫ মণ চাল, ৫০ মণ আলু, বিশাল দেহী ১টি গরু ও ১টি খাসি।
আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় এতিমখানা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী ও মসজিদ-মোক্তবের ধর্মপ্রাণ মুসুল্লি ছাড়াও দরিদ্র-অসহায়-দুঃস্থসহ সর্বস্তরের ইউনিয়ন বাসিরা উপস্থিত ছিলেন।
এসময় জনবান্ধব ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম মন্ডল টিটু, সহোদর বড় বোন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিফনু শিফন, ছোট ভাই জেলা যুবদল নেতা তহিদুল আমিন মন্ডল সুমন, চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়াসহ ইউপি’র অন্যান্য পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান টিটু এসময় বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহকে লোভ-লালসা পরিহার, ধৈর্য-সংযম, পরোপকারী ও সহমর্মিতার শিক্ষা দেয়। প্রতি বছরের ন্যায় এবারো সর্বস্তরের ইউনিয়নবাসীর মিলনমেলা ঘটাতে এমন আয়োজন। ভালোবাসার মানুষগুলো স্বতঃস্ফুর্ত ভোট দিয়ে বারংবার আমাকে চেয়ারম্যানের আসনে বসায়। তাদের জন্য কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগে। ভালোলাগার অবস্থান থেকে সবকিছু পিছনে ফেলে আমি ইফতারের আয়োজন করে থাকি। যতদিন বাঁচবোধারাবাহিক ভাবে ইফতারের আয়োজন করে যাবো ইনশাআল্লাহ।
পবিত্র মাহে রমজানের অর্জিত শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার আগামীর উন্নয়নে কাজ করে যাওয়ার উদাত্ব আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ইফতারপূর্ব দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য; ইফতার পরবর্তী ইউনিয়নের অনুপস্থিত বিভিন্ন গ্রাম এলাকায় ভ্যানযোগে ইফতারের খাবার পৌঁছে দেয়া হয়।