তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

বুলবুল হোসেন,তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে আলোচিত ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের আটক করে পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— রাফিউর রহমান লাবলু ওরফে লাবু (৩২), পিতা মনোয়ার হোসেন (মকবুল), কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়া পাড়া, তারাগঞ্জ, রংপুর এবং মাজেদুল ইসলাম (৩২), পিতা মোবারক হোসেন, গ্রাম কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া, তারাগঞ্জ, রংপুর।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৫ মার্চ ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে বগুড়া জেলার গোকুল এলাকা থেকে রাফিউর রহমান লাবলু ওরফে লাবুকে গ্রেফতার করা হয়। এর আগে ১৪ মার্চ ২০২৬ বিকেল ৩টা ১৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার কুর্শা (যদ্দিপাড়া) গ্রামে নিজ বাড়ি থেকে মাজেদুল ইসলামকে আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, “ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য দিকেও তদন্ত অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পরে খোঁজাখুঁজির পর উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারের কাছে আলুখেতে মাটিতে পুতে রাখা তার মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশ। তারাগঞ্জ উপজেলার বাসিন্দা ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।