খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পৌরশহরের ২ নম্বর ট্রাফিক মোড়ে পুলিশি চেকপোস্টে তল্লাশি কালে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে শহরের রেলগেট এলাকা অতিক্রম করে একটি মোটরসাইকেল ট্রাফিক মোড়ে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা থামানোর সংকেত দেন। এসময় চালক সন্দেহজনক আচরণ করলে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের থামানোর নির্দেশ পেয়ে চালক প্রথমে পালানোর জন্য এদিক-ওদিক ঘোরাঘুরি করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজার পরিমাণ নিয়ে প্রাথমিকভাবে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্যে ৯ কেজির কথা বলা হলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে সেখানে আনুমানিক ১০ কেজি গাঁজা থাকতে পারে। বর্তমানে গাঁজার সঠিক পরিমাণ যাচাইয়ের কাজ চলছে। ঘটনার সময় ট্রাফিক দায়িত্বে থাকা সার্জেন্ট সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে।