খবববাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিহত ছিনতাইকারী লেবু মিয়ার মা ফুলমতি বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলাটি করেন। যার মামলার নং- ১৫, ২০/০২/২৬।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাউলা বাজার এলাকার দুখু মিয়ার স্ত্রী নাছিমা বেগম ঢাকায় থেকে ভোরে পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর এলাকায় বাস থেকে নামেন। এসময় কোনো যানবাহন না পেয়ে তিনি স্বামীকে ফোন দিলে দুখু মিয়া পায়ে চালিত ভ্যান নিয়ে তাকে আনতে যান। পরে স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেলে থাকা ৬ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করে।
এসময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণ-রূপার গহনাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে জানানো হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
একপর্যায়ে তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে ঝাউলা বাজার সংলগ্ন জায়গায় লোকজনের উপস্থিতি টের পেয়ে বিকল্প রাস্তায় পালানোর চেষ্টাকালে তারা খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের ভেতরে রাস্তায় ঢুকে পড়ে। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেয়ে তাদের পথরোধ করার চেষ্টা করে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করলে মোটরসাইকেলটি পুকুরে পড়ে যায়। এসময় জনতা দু’জনকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটক দুই’জনকে খোর্দ্দ মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহারিত মোটরসাইকেলটি আগুনে পুড়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছিনতাইকারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের বিষয়টি স্বীকার করে বলেন, ছিনতাই ও গণপিটুনির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.