খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত ভোররাতে সাদুল্লাপুর উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে এলাকায় প্রবেশ করেন। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্দেহভাজনদের একজন পালিয়ে যান। অপর দুইজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীম উদ্দিন জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.