খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়েছে।
এদিন প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদ বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, জামায়াত, সাংবাদিক সংগঠন পলাশবাড়ী প্রেস কাব, প্রেস কাব পলাশবাড়ী, রিপোর্টার্স কাব, মডেল প্রেস কাব ও বাংলাদেশ প্রেস কাব, বিভিন্ন স্কুল-কলেজ, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, ব্যাংক-বীমা, শ্রমিক সংগঠন স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও ব্যবসায়ী সংগঠন পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দো’আ ও মোনাজাত পরিচালনা করা হয়।
এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা বিএনপির আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বৈষম্যবিরোধী আন্দোলন জেলার মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বাসা-বাড়ী, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় প্রমিত বাংলা বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত। সকাল সাড়ে ১০টায় প্রমিত বাংলা বানান প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ, বাদ জুম্মা জাতির শান্তি ও অগ্রগতি এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.