খবরবাড়ি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনে ভোটগ্রহণ ও গণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ১৪ ফেব্রুয়ারী শনিবার জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আব্দুর রহিম।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা হয়েছে এবং ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। অনিয়মের অভিযোগে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে পুনঃভোট এবং সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন এর কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কয়েকটি কেন্দ্রে পরিকল্পিতভাবে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এরপর বহিরাগত নেতাকর্মীরা কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নির্দিষ্ট প্রতীকে সিল মারেন।
অভিযোগে যেসব কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো—কেন্দ্র নং–১২০ বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং–১২৪ কুমিরাডাঙ্গা নছরত ইবতেদায়ী মাদরাসা ও কুমিরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং–১২৫ গোপালপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং–১০৫ কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেন্দ্র নং–১২৭ দাদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ অনুযায়ী, এসব কেন্দ্রে ৬০ থেকে ১২০ জন পর্যন্ত নেতাকর্মী প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারেন এবং ভোটে প্রভাব বিস্তার করেন। কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিপুল পরিমাণ জাল ভোট দেওয়ার অভিযোগও তোলা হয়।
ভোটগ্রহণের পাশাপাশি গণনার সময়ও অনিয়ম হয়েছে বলে দাবি করেন ডাঃ আব্দুর রহিম। তাঁর অভিযোগ, কয়েকটি কেন্দ্রে প্রকৃত ভোটের তুলনায় ফলাফল ভিন্নভাবে প্রদর্শন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা–২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আব্দুল করিম, গাইবান্ধা–১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান, গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু এবং গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর ওয়ারেছ।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.