শহিদুল ইসলাম, সাদুল্লাপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-–পলাশবাড়ী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর শহরস্থ তার বাসভবনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ঘোষিত এই ইশতেহারে অপরাধ দমন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়।
ইশতেহারে বলা হয়, এলাকায় ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ হেল্পলাইন চালু, শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। এছাড়া ডিজিটাল সেবা সম্প্রসারণ, ইউনিয়ন ভিত্তিক অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র স্থাপন এবং নিয়মিত গণশুনানির মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে যুব ও নারীদের জন্য প্রশিক্ষণ ও ক্ষুুদ্র উদ্যোক্তা উন্নয়ন, সমবায়ভিত্তিক ক্ষণ সহায়তা, কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা বলা হয়। শ্রমিক কল্যাণ কার্ড চালু, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা সেল গঠন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজ ক্ষণ সুবিধার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার অংশে প্রতিটি দরিদ্র পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কার্ড, খাদ্য সহায়তা ও বাসস্থান নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল ও ধর্মীয় নিরাপত্তা, প্রতিবন্ধীদের অধিকার সুরা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার মানোন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যসেবায় ডিজিটাল রেকর্ড সংরক্ষণ ও ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র জোরদারের কথা বলা হয়।
পরিবেশ রক্ষায় নদী, খাল ও বিল সংরক্ষণ ও খনন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। পাশাপাশি গ্রাম ও হাটবাজারে বিদ্যুৎ সাশ্রয়ী আলোকায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ভূমি অফিসের সব সেবা ডিজিটাল ও হয়রানিমুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
ইশতেহারের শেষে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, “আপনাদের ভোট, দোয়া ও সমর্থন পেলে সাদুল্লাপুর–পলাশবাড়ীকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যহীন ও আধুনিক জনপদে রূপান্তর করব।”
তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে সাদুল্লাপুরে পৌরসভা বাস্তবায়ন, নলডাঙ্গায় পুলিশ ফাঁড়ি, পলাশবাড়ীতে ট্রমা সেন্টার স্থাপন, শিল্পকারখানা ও ইপিজেড প্রতিষ্ঠা, নদী খননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিতসহ দুই উপজেলার সার্বিক উন্নয়নে কোনো বৈষম্য করা হবে না।
দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে সাদুল্লাপুর ও পলাশবাড়ীর সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে তিনি ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.