খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা–২ (সদর) আসনে ঘোষিত ফলাফল বাতিল করে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অন্তত ৩০টি কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিজাইডিং কর্মকর্তারা ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন। তার দাবি, কারচুপির উদ্দেশ্যেই এই স্বাক্ষর নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোট গ্রহণের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি তার নজরে আসে। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেন বলে জানান।
আনিসুজ্জামান খান বাবুর অভিযোগ, কয়েকটি কেন্দ্রে যোগসাজশের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে আগেই ব্যালট ঢোকানো হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ প্রকাশের জোর দাবি জানান।
এছাড়া বেলা ২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ তাকে পরাজিত করা হয়েছে।
ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা–২ (সদর) আসনের সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকসুদুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.