খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও মাটি সংগ্রহের দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার যৌথ উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স লাব্বাইক ব্রিকস নামক একটি ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটাটিকে দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এসময় ইটভাটাটির চুল্লীর আগুন নিভিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন সুন্দরগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী আল-মাহমুদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।
এছাড়াও অভিযানে জেলা পুলিশের সদস্য, সুন্দরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।