জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৯টি ক্যাটাগরির মধ্যে ৬টিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের মনোনীত করা হয়েছে।
নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিস। উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় মনোনীতরা হলেন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রব মিয়া। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বৈরী হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেন এবং জামালপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাহমিনা ইসলাম।
এদিকে; শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান মন্ডল দোলন। পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম রাজু। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রায়তি নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরজুমান আরা গুলেনুর বলেন, নির্বাচিত সকলেই প্রাথমিক শিক্ষায় দক্ষ। এ উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তাদের এ পদকে ভূষিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এবং প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির সভাপতি মো. কামরুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাক্রমে উপজেলা পর্যায়ে ৯টি ক্যাটাগরির মধ্যে ৬টিতে শ্রেষ্ঠ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত হওয়ার জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলো সঠিকভাবে যাচাই-বাছাই-এর মাধ্যমে মনোনীত করা হয়েছে। এ পদক প্রদানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।